তেলের খরচই উঠছে না, নারী বাসসেবায় দিনে ৫০ হাজার টাকা ভর্তুকি
যোগফল প্রতিবেদক:
নারীদের জন্য বিশেষ বাসসেবা চালু করেও পরিচালন ব্যয় মেটাতে পারছে না বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ায় জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও চালক-শ্রমিকদের বেতনসহ অন্যান্য খরচ মেটানো যাচ্ছে না। ফলে নারী বাসসেবায় নিয়মিত ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।
বিআরটিসির একটি সূত্র জানিয়েছে, সারা দেশে নারী বাসসেবার বাসগুলো পরিচালনা করে প্রতিদিন অন্তত ৫০ হাজার টাকা লোকসান হচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় লোকসানের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বিআরটিসির ১৯ থেকে ৩১ আগস্ট এবং ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নারী বাসসেবার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সেপ্টেম্বরের ১২ কার্যদিবসে ১৫৮টি ট্রিপে ১৪ হাজার ১১৬টি টিকিট বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে ২ লাখ ২ হাজার ৮ টাকা। আগস্টে ৮ কার্যদিবসে ১১৪টি ট্রিপে ৬ হাজার ৬৮৯টি টিকিট বিক্রি হয় এবং আয় হয়েছে ৯৮ হাজার ৬৪৬ টাকা।
জ্বালানি ও রক্ষণাবেক্ষণেই বড় ঘাটতি
বিআরটিসির নারী বাসসেবার আয়-ব্যয়ের চিত্র বোঝাতে মিরপুর-১০ থেকে মতিঝিল রুটের হিসাব বিবেচনা করা যায়। একমুখী এই রুটের দূরত্ব ২১ কিলোমিটার। যাওয়া-আসা মিলিয়ে এক ট্রিপে একটি বাস ৪২ কিলোমিটার চলাচল করে।
এক লিটার ডিজেলে ২ থেকে আড়াই কিলোমিটার চললে এক ট্রিপে প্রায় ১৬ দশমিক ৮ থেকে ২১ লিটার ডিজেল প্রয়োজন হয়। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা হিসাবে এতে জ্বালানি খরচ পড়ে প্রায় ১ হাজার ৯৩২ থেকে ২ হাজার ৪১৫ টাকা।
এ ছাড়া প্রতি কিলোমিটারে ৭ টাকা হিসাবে রক্ষণাবেক্ষণ ব্যয় হয় ২৯৪ টাকা। ফলে এক ট্রিপে শুধু জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ খরচ দাঁড়ায় প্রায় ২ হাজার ২২৬ থেকে ২ হাজার ৭০৯ টাকা।
সেপ্টেম্বরের ১৫৮টি ট্রিপকে একই ২১ কিলোমিটার রুট ধরে হিসাব করলে বাসগুলো মোট ৬ হাজার ৬৩৬ কিলোমিটার চলেছে। এতে আনুমানিক ২ হাজার ৬৫৪ থেকে ৩ হাজার ৩১৮ লিটার ডিজেল প্রয়োজন হয়েছে। এর মূল্য প্রায় ৩ লাখ ৫ হাজার থেকে ৩ লাখ ৮২ হাজার টাকা। রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে আরও প্রায় ৪৬ হাজার ৪৫২ টাকা।
অর্থাৎ, শুধু জ্বালানি ও রক্ষণাবেক্ষণেই খরচ হয়েছে প্রায় ৩ লাখ ৫২ হাজার থেকে ৪ লাখ ২৮ হাজার টাকা। বিপরীতে ওই সময়ে বিআরটিসির আয় হয়েছে ২ লাখ ২ হাজার ৮ টাকা।
জ্বালানি খরচের সর্বনিম্ন হিসাব ধরলেও আয়ের তুলনায় শুধু ডিজেলেই প্রায় ১ লাখ ৩ হাজার টাকা বেশি খরচ হচ্ছে। আর জ্বালানি ও রক্ষণাবেক্ষণ একসঙ্গে ধরলে ঘাটতি দাঁড়ায় প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ২৬ হাজার টাকা।
এর বাইরে চালকের মাসিক প্রায় ৪০ হাজার টাকা বেতন, সহকারীসহ কর্মীদের বেতন, টায়ার, লুব্রিকেন্ট, কর, প্রশাসনিক ব্যয় ও বাসের অবচয়সহ অন্যান্য খরচ রয়েছে।
আগস্টের হিসাবেও একই ধরনের চিত্র পাওয়া গেছে। ১১৪টি ট্রিপে মোট ৪ হাজার ৭৮৮ কিলোমিটার চলাচল ধরে জ্বালানি খরচ হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা। রক্ষণাবেক্ষণ খরচ হয়েছে প্রায় ৩৩ হাজার ৫১৬ টাকা। অথচ ওই সময়ে আয় ছিল মাত্র ৯৮ হাজার ৬৪৬ টাকা।
যাত্রীসংখ্যাও প্রত্যাশিত নয়
নারী বাসসেবায় যাত্রীসংখ্যাও প্রত্যাশিত পর্যায়ে নেই। ৬০ আসনের একটি বাসে প্রতিটি ট্রিপে গড়ে প্রায় ২০টি আসন খালি থাকছে। আসন পূর্ণ হলে আয় বাড়ার সুযোগ থাকলেও বর্তমানে ভাড়া থেকে পাওয়া অর্থ দিয়ে পরিচালন ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।
বিআরটিসির ব্যবস্থাপক মো. নূর-ই-আলম বলেন, নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতেই এ সেবা চালু করা হয়েছে। তাই শুধু আয়-ব্যয়ের হিসাব দিয়ে এই সেবার প্রয়োজনীয়তা বিচার করা হচ্ছে না। তবে নিয়মিত ভর্তুকির কারণে সেবাটি পরিচালনায় করপোরেশনের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, বাসের সংখ্যা বাড়লে আয়ও বাড়বে। তখন ভর্তুকি কমে আসবে। শুরুর দিকের তুলনায় এখন ভর্তুকি দিন দিন কমছে। এক ট্রিপে অন্তত ১২০ জন যাত্রী পাওয়া গেলে ব্যয় ও আয় সমান পর্যায়ে (ব্রেক-ইভেন) আসবে। এর বেশি যাত্রী পাওয়া গেলে লাভ হতে শুরু করবে।
সপ্তাহে দুই দিন বন্ধ
সাধারণ গণপরিবহনে সপ্তাহের সাত দিন বাস চলাচল করলেও বিআরটিসির নারী বাসসেবা শুক্রবার ও শনিবার বন্ধ থাকছে। ফলে সপ্তাহের দুই দিন এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নারী যাত্রীরা।
বিআরটিসির অন্যান্য বাস এবং বেসরকারি পরিবহনের বাসগুলো শুক্র ও শনিবার চলাচল করলেও নারী বাসসেবা বন্ধ রাখার কারণে সেবার পরিধি ও সম্ভাব্য আয়—দুটিই সীমিত হচ্ছে।
বিআরটিসির ব্যবস্থাপক মো. নূর-ই-আলম জানান, শুক্র ও শনিবার কর্মজীবী নারী যাত্রী পাওয়া যায় না। তাই এই দুই দিন ‘গোলাপি বাস’ চলাচল বন্ধ রাখা হচ্ছে।
১৩ রুটে ১৪ বাস
গত ১৮ আগস্ট ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ চালু করে বিআরটিসি। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে এই সেবা শুরু হয়।
এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস রয়েছে। ঢাকার বাসগুলোর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন